বাংলাদেশের বীমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকের আস্থা দৃঢ় করার লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজন করেছে “আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫”। এই পুরস্কার অনুষ্ঠান ২৯ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আদিবা আহমেদ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি. এম. ইউসুফ আলী।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন আইডিআরএ’র সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক। এ সময় প্রদর্শিত হয় “আইডিআরএ: ইতিবাচক পরিবর্তনের এক যাত্রা” শীর্ষক প্রামাণ্যচিত্র। পরবর্তীতে বীমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসনে বিশেষ অবদান রাখায় নির্বাচিত প্রতিষ্ঠানগুলিকে “আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫”। প্রদান করা হয়।
নন-লাইফ এবং লাইফ ইন্স্যুরেন্স খাতের সেরা প্রতিষ্ঠানগুলো নিম্নরূপ:
| শ্রেণি | স্থান | প্রতিষ্ঠান |
|---|---|---|
| নন-লাইফ | ১ম | প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি |
| নন-লাইফ | ২য় | সাধারণ বীমা কর্পোরেশন |
| নন-লাইফ | ৩য় | রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি |
| নন-লাইফ | ৪র্থ | গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি |
| নন-লাইফ | ৫ম (যৌথ) | ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি, সেনা ইন্স্যুরেন্স পিএলসি, ইউনাইটেড ইন্স্যুরেন্স কম্পানি লিমিটেড |
| লাইফ | ১ম | আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কম্পানি (মেটলাইফ) |
| লাইফ | ২য় | প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি |
| লাইফ | ৩য় | ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কম্পানি লিমিটেড |
| লাইফ | ৪র্থ | জীবন বীমা কর্পোরেশন |
| লাইফ | ৫ম (যৌথ) | ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড |
প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সৈয়দ সেহাব উল্লাহ আল মনজুর অনুষ্ঠানে উল্লেখ করেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত একটি দুর্ঘটনায় কোম্পানিটি প্রায় ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করেছে, যেখানে প্রাপ্ত প্রিমিয়ারের পরিমাণ ছিল মাত্র ১৬ লাখ টাকা। তিনি বলেন, “এটি প্রমাণ করে প্রগতি ইন্স্যুরেন্স সংকটময় সময়ে দায়িত্বশীল ভূমিকা পালন করে এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিক সহায়তা নিশ্চিত করে।”
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলা উদ্দিন আহমদ বলেন, “এই স্বীকৃতি আমাদের আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। আমরা সলভেন্সি মার্জিনসহ সব আইন মেনে চলার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম. আসলাম আলম বলেন, “বীমা খাতকে সংকট থেকে উত্তরণ এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে প্রণীত আইনগুলো দ্রুত কার্যকর করা অত্যন্ত জরুরি। ডিজিটাইজেশন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে গ্রাহকের আস্থা সুদৃঢ় করা সম্ভব। একইসঙ্গে বীমা খাতে দক্ষ ও পেশাদার জনবল তৈরি করা এক বড় চ্যালেঞ্জ।”
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, “আইডিআরএ বিগত বছরগুলোতে নীতিমালা প্রণয়ন, তদারকি শক্তিশালীকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। সরকার চাইছে বীমা খাত আরও জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হোক। ডিজিটাল রূপান্তরের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন সম্ভব।”
প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, “ডিজিটালাইজেশন ও প্রযুক্তিনির্ভর সেবা বীমা খাতকে বৈশ্বিক মানের কাছে নিয়ে যাচ্ছে। গ্রাহককেন্দ্রিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি বীমা খাতের উন্নয়নের মূল চাবিকাঠি।”
আইডিআরএ আশা করছে, “আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫”।-এর মাধ্যমে নির্বাচিত ১৩টি প্রতিষ্ঠান বীমা খাতে ইতিবাচক পরিবর্তন, উৎকর্ষতা ও গ্রাহক আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
