কর্পোরেট সুশাসনে নতুন উচ্চতায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স

কর্পোরেট গভর্ন্যান্স, আর্থিক স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির ক্ষেত্রে ধারাবাহিক উৎকর্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৪-এ লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে দ্বিতীয়বারের মতো সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, টানা দ্বিতীয়বার এই সম্মাননা প্রাপ্তি শুধু একটি পুরস্কার নয়, বরং কর্পোরেট সুশাসন, নৈতিকতা ও আধুনিক ব্যবস্থাপনার প্রতি সন্ধানী লাইফের সুদৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড দেশের কর্পোরেট খাতে অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত। তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর্পোরেট গভর্ন্যান্স কাঠামো, আর্থিক প্রতিবেদন প্রণয়নের মান, স্বচ্ছতা, নৈতিক আচরণ, শেয়ারহোল্ডার ও অন্যান্য অংশীজনের প্রতি দায়বদ্ধতা—এসব সূচকের ওপর ভিত্তি করে কঠোর ও বহুমাত্রিক মূল্যায়নের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। এই মানদণ্ডে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ধারাবাহিকভাবে ইতিবাচক অবস্থান বজায় রেখে আবারও নিজেকে একটি দায়িত্বশীল ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কর্পোরেট গভর্ন্যান্সের বিকল্প নেই। আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহির চর্চা যত বাড়বে, দেশের অর্থনীতি ততই শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি। তিনি কর্পোরেট খাতে নৈতিকতা, পেশাদারিত্ব ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব মো. খাইরুজ্জামান মজুমদার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। বাংলাদেশ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইঁয়াসহ বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক, কর্পোরেট ব্যক্তিত্ব ও পেশাজীবীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ কর্পোরেট মিলনমেলায় পরিণত হয়।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে চেয়ারম্যান মজিবুল ইসলাম এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা আনুষ্ঠানিকভাবে সিলভার অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এ সময় তারা বলেন, এই অর্জন পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী ও অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও গ্রাহকস্বার্থ সংরক্ষণ, স্বচ্ছতা, নৈতিকতা ও সুশাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে আইসিএসবি ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট মহলের আশা, এই স্বীকৃতি দেশের বীমা খাতে সুশাসন, পেশাদারিত্ব ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে এবং অন্যান্য প্রতিষ্ঠানকেও ইতিবাচক প্রতিযোগিতায় উদ্বুদ্ধ করবে।

Leave a Comment