কিস্তি বা সেলামীর সংজ্ঞা – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের ” জীবন বীমায় কিস্তি নির্দ্ধারণ” বিভাগের একটি গুরুত্বপূর্ণ পাঠ।
কিস্তি বা সেলামীর সংজ্ঞা

ইংরেজী ‘Premium’ শব্দটির আভিধানিক অর্থ যা পাওয়া যায় তা কিস্তিও নয়—সেলামীও নয়। বীমার ক্ষেত্রে Premium-এর যে প্রতিশব্দ ব্যবহার করা যায়, তা হলো চাদা বা দান। ‘দান’ বলা যায় এই কারণে যে, প্রিমিয়াম যদি হয় দান—তাহলে বীমাদাবী বা ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্য অর্থ তার ‘প্রতিদান’।
আর, চাঁদা যদি হয় বীমাকারীর কাছ থেকে আর্থিক সুবিধা বা বীমাদাবী পাওয়ার উদ্দেশ্যে প্ৰদত্ত, তাহলে সেদিক থেকে প্রিমিয়ামকে চাঁদা বলাই সঙ্গত মনে হয়। এই চাদা বা প্রিমিয়াম যখন বিভিন্ন দফা (Instalment) বা সময়ে প্রদান করা হয়, তখন তাকে কিস্তি এবং যখন একবারেই তা প্রদান করা হয়, তখন তাকে সেলামী বলা যেতে পারে।
জীবন বীমায় সাধারণতঃ বার বার বা দফায় দফায় অথবা নির্দিষ্ট সময়াত্তর প্রিমিয়াম প্রদান করা হয় এবং অন্যান্য বীমায় সাধারণতঃ একবারই প্রিমিয়াম প্রদান করা হয়ে থাকে। সেদিক থেকে জীবন বীমার ক্ষেত্রে কিস্তি এবং অন্যান্য বীমার ক্ষেত্রে সেলামী বলাই যেন যথার্থ মনে হয়। তবে, যেহেতু দু’টো শব্দই কোন বিভ্রান্তি ছাড়া সমভাবে প্রচলিত রয়েছে, শব্দদ্বয়ের মধ্যে কোন পার্থক্য সৃষ্টি না করাই বরং নিরাপদ ও শ্রেয়স্কর।]
যদিও প্রিমিয়ামের সুবিন্যস্ত ও সুনির্দিষ্ট তেমন কোন সংজ্ঞা সুপ্রাপ্য নয়। তথাপি এর প্রায়োগিক দিক এবং লেখক ও বিশেষজ্ঞদের বিভিন্ন দৃষ্টিভঙ্গী বিশ্লেষণে সাধারণভাবে প্রিমিয়ামের যে সংজ্ঞা দেয়া যায় তা হলো— বীমাচুক্তি বলে বীমাকারী, বীমা গ্রহীতার নিজের বা অন্যের জীবন অথবা তার সম্পত্তির উপর ভবিষ্যতে সম্ভাব্য কোন অনিশ্চয়তা বা বিপদজনিত আর্থিক ক্ষতি লাঘব বা পূরণ করে দেয়া অথবা যথারীতি বীমাদাবী পরিশোষের প্রতিশ্রুতি প্রদানের বিনিময়ে বীমা গ্রহীতার কাছ থেকে নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অথবা এককালীন অর্থ গ্রহণ করেন, তাকেই বীমা কিস্তি বা সেলামী (Premium) বলা হয়।

জীবন বীমার ক্ষেত্রে সাধারণতঃ বার্ষিক কিস্তি প্রদান করাই সাধারণ নিয়ম। কিন্তু, বীমা গ্রহীতাকে সুবিধা প্রদানের উদ্দেশ্যে যামাসিক, ত্রৈ-মাসিক – এমন কি, মাসিক কিস্তি প্রদানের ব্যবস্থা রাখা হয়। যাই হোক, বীমা কিস্তি হলো বীমাচুক্তির অন্যতম অপরিহার্য বিষয় বা উপাদান এবং প্রকৃতপক্ষে তা হচ্ছে – বীমাকারীর প্রতিশ্রুতির প্রতিদান।
