ডাক্তারী পরীক্ষা ও উহার রিপোর্ট – পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের “জীবন বীমা” অধ্যায়ের একটি পাঠ। যে প্রস্তাবনাপত্র বা আবেদনপত্রে ডাক্তারী-পরীক্ষাযোগ্য এমন কিছু তথ্যানুসন্ধান সংক্রান্ত প্রশ্ন সন্নিবেশিত করা হয় যাতে অন্ততঃ প্রস্তাবিত বীমাগ্রহীতার অকাল মৃত্যুর সম্ভাবনা সম্পর্কে ধারণা নেয়া যায়, তাকে ডাক্তারী-পরীক্ষাযুক্ত জীবন বীমার আবেদনপত্র বলে। এর উদ্দেশ্য হচ্ছে ব্যয় সাপেক্ষ ডাক্তারী-পরীক্ষা ছাড়াই।
হাতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও পর্যালোচনা সাপেক্ষে বীমার অযোগ্য আবেদনকারীদের বাদ দেয়া যায়। এতে করে খরচও যেমন কম হয়, ঝামেলাও তেমনি কম হয়। এ জাতীয় আবেদনপত্র (ফরম) ও বিবরণ সাধারণতঃ অপেক্ষাকৃত সংক্ষিপ্ত হয়ে থাকে। অন্ততঃ কর্মচারী ও প্রতিনিধিগণ তাই চান এবং দীর্ঘ মেডিক্যাল রিপোর্ট হলে প্রস্তাবিত বীমাগ্রহীতাদের উপর অধিক ফি প্রদানের জন্যে চাপ সৃষ্টি হয়।
ডাক্তারী পরীক্ষা ও উহার রিপোর্ট

জীবন বীমা প্রতিষ্ঠানের নিজস্ব ডাক্তার বা প্রতিষ্ঠান কর্তৃক মনোনীত কোন ডাক্তার প্রস্তাবিত বীমাগ্রহীতাকে পরীক্ষা ও প্রশ্ন করে বীমা প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তুতকৃত ফরম পূরণ করে দেন। বীমাগ্রহীতার বুক, হৃৎপিণ্ড, ফুসফুস, ওজন, উচ্চতা প্রভৃতি পরীক্ষা করে ও জেনে নিয়ে ডাক্তার কর্তৃক পুরণকৃত ঐ ফরমই হলো ডাক্তারের রিপোর্ট বা প্রতিবেদন।
প্রস্তাবিত বীমাগ্রহীতার এই রিপোর্ট যদি ভাল হয় তাহলে তাকে বীমাপত্র প্রদান করা হয়। তবে,বীমা প্রতিষ্ঠান সব ক্ষেত্রে এই প্রতিবেদন নাও চাইতে পারে। যে ক্ষেত্রে ঝুঁকি কম মনে হয়, অর্থাৎ, বীমাপত্রের মূল্য ১০,০০০/- টাকার কম এবং মেয়াদও খুবই কম, সেক্ষেত্রে বীমা প্রতিষ্ঠান এই রিপোর্ট না চাইতেও পারে। ডাক্তারী পরীক্ষার জন্যে সাধারণতঃ আগে উল্লেখিত ডাক্তারী-পরীক্ষাবিহী জীবন বীমার জন্যে অতিরিক্ত বিবৃতিতে যেসব বিষয় নির্ধারিত হয়েছে, সেগুলোই বিবৃত করতে হয়।
উপরন্তু, মহিলাদের ক্ষেত্রে কয়েকটি বিশেষ বিষয়ও পরীক্ষা করা হয়। যথাঃ —
(ক) মাসিক হয় কি না, গত মাসিক কবে হয়েছে,
(খ) সস্তান সম্ভবা কিনা, হলে কখন সম্ভাবনা;
(গ) কয়টি সন্তান হয়েছে,
(ঘ) সকল সন্তান প্রসব স্বাভাবিক ছিল কিনা এবং
(ঙ) জরায়ু বা স্তনের পীড়া আছে কিনা, থাকলে বিস্তারিত বিবরণ।

উল্লেখ্য যে, ডাক্তারী পরীক্ষার রিপোর্ট দু’ভাগে বিভক্ত। প্রথম ভাগে প্রস্তাবিত বীমাগ্রহীতার বিবৃতি এবং দ্বিতীয়াংশে ডাক্তার কর্তৃক বীমাগ্রহীতাকে পরীক্ষার প্রেক্ষিতে তৎসম্পর্কিত ফলাফল ও নিজস্ব মতামত লিপিবদ্ধ করা হয়।
