হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অন্তর্বর্তীকালীন বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল মজিদ ঊর্ধ্বতন দুই কর্মকর্তার বাধ্যতামূলক ছুটি প্রত্যাহার করেছেন। ছুটি প্রত্যাহারকৃত কর্মকর্তা দু’জন হলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব মার্কেটিং জাকির হোসেন।
উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশে গঠিত অন্তর্বর্তীকালীন বোর্ড গত কয়েক মাসে কোম্পানির প্রশাসনিক ও আর্থিক অনিয়ম তদন্তের উদ্যোগ নিয়েছিল। এই তদন্ত কার্যক্রমকে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে ১৮ অক্টোবর ওই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল।
তবে ৭ দিন পর, ২৫ অক্টোবর চেয়ারম্যান মো. আবদুল মজিদ তাদের ছুটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৩ অক্টোবর তাদের আবেদনপত্র পর্যালোচনার পর দেখা গেছে, তদন্ত কার্যক্রম বিলম্বিত হওয়ায় আপাতত তাদের উপর আরোপিত বাধ্যতামূলক ছুটি প্রত্যাহার করা হলো। পৃথক চিঠিতে দুই কর্মকর্তাকেই এই সিদ্ধান্তের বিষয় জানানো হয়েছে।
