জীবন বীমা চূড়ান্ত সদ্বিশ্বাস – পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের “জীবন বীমা” অধ্যায়ের একটি পাঠ। জীবন বীমা এমন একটি চুক্তি যা একজন বীমা গ্রহীতা ও একটি বীমা প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত হয়; যেখানে বীমা প্রতিষ্ঠান এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে বীমা গ্রহীতার মৃত্যু হলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বীমা গ্রহীতার উত্তরাধিকারীকে প্রদান করবে। চুক্তির শর্তানুসারে কখনো কখনো মারাত্মক অসুস্থ হলেও বীমা গ্রহীতা অর্থ পেয়ে থাকে। বীমা গ্রহীতা সাধারণতঃ এককালীন বা নির্দিষ্ট সময়ান্তে বীমা কর্তৃপক্ষকে নির্দিষ্ট পরিমান অর্থ প্রদান করে থাকে।

বীমা গ্রহীতার সুবিধা হচ্ছে “মানসিক প্রশান্তি” লাভ; কারণ তিনি জানেন যে তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা অর্থ সমস্যায় পতিত হবে না। এই পদ্ধতিটিতে অবসর গ্রহণের পর আর্থিক সুবিধা লাভের জন্যও ব্যবহার করা হয়, যদি বীমা গ্রহীতা সতর্কতার সাথে বীমা গ্রহণ করেন ও শর্তাবলীতে এরূপ উল্লেখ করেন। জীবন-বীমা একটি আইনগত চুক্তি এবং চুক্তির শর্ত বীমার আওতা দ্বারা সীমাবদ্ধ। এখানে বিশেষ শর্তাবলী লিখিত থাকে এবং তার দায় বীমা গ্রহীতার উপর বর্তায়; যেমনঃ আত্মহত্যা, যুদ্ধ প্রভৃতি কারণে মৃত্যু ঘটলে বীমা কর্তৃপক্ষের পক্ষ থেকে বীমা গ্রহীতার উত্তরাধিকারীকে কোনোরূপ অর্থ প্রদান করা হয় না।
জীবন বীমা চূড়ান্ত সদ্বিশ্বাস
জীবন-বীমা তথা বীমা চুক্তির একটি অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে— পারস্পরিক একান্ত বিশ্বাস। কোন পক্ষ বিশেষতঃ বীমাগ্রহীতা চুক্তি গঠনকালে চুক্তি সংশ্লিষ্ট কোন বিষয় সম্পর্কে ভুল তথ্য দিতে, মিথ্যা বর্ণনা করতে, বাড়িয়ে বলতে বা কোন কিছু গোপন করতে পারবেন না। -এমনকি, যে কথা বলা দরকার, বা না বললে ক্ষতি হতে পারে – তা না জিজ্ঞেস করলেও বলে দিতে হবে। অন্যথায়, বিশ্বাস ভঙ্গ হবে এবং বীমা চুক্তি বাতিল হয়ে যাবে।
তবে, যেসব বিষয় জানানোর প্রয়োজন হয় না তা হলো –
→ যে সব বিষয় ঝুঁকি হ্রাস করে,
→ যেসব বিষয়ে ঝুঁকি জানা বা যুক্তিসঙ্গত কারণে বীমাকারীর জানার কথা,
→ যে সব বিষয় বিবৃত তথ্যাদি থেকে বীমাকারীর পক্ষে জেনে নেয়া সম্ভব,
→ যে সব বিষয় বীমাকারী নিজেই পরিহার করেছেন বা তুলে দিয়েছেন, → শর্তজনিত কারণে যেসব বিষয়ের প্রকাশ বাহুল্য বলে বিবেচিত এবং
→ যেসব বিষয় সর্বজন বিদিত।
মোট কথা, চূড়ান্ত সন্ধিশ্বাস রক্ষা করা জীবনবীমা চুক্তির অন্যতম অপরিহার্য শর্ত।

