আজকের আলোচনার বিষয় সঞ্চিতি বা রিজার্ভের প্রয়োজনীয়তা । প্রারম্ভেই উল্লেখ করা যেতে পারে যে, বীমার ক্ষেত্রে সঞ্চিতি বলতে যা বুঝায় অন্যান্য ক্ষেত্রে তা নয় এবং যেভাবে সৃষ্ট ও ব্যবহৃত হয় অন্যান্য ক্ষেত্রে সঞ্চিতি সে অর্থে সৃষ্ট বা ব্যবহৃত হয় না।
সঞ্চিতি বা রিজার্ভের প্রয়োজনীয়তা

অন্যান্য কারবার প্রতিষ্ঠানেযাবতীয় দেনা-পাওনা, খরচ-ক্ষতি ইত্যাদি মিটানোর পরে নীট মুনাফা থেকে ভবিষ্যতের জন্যে তহবিল খাতে যে অর্থ বন্টিত, বরাদ্দকৃত বা রক্ষিত হয়ে থাকে তাকেই বুঝায়; কিন্তু, বীমার ক্ষেত্রে প্রিমিয়াম ও তার উপরে ধার্য্যকৃত সুদ মিলে যা হয় তাই মূলতঃ সঞ্চিতি।এ সঞ্চিতি থেকেই বরং বীমাদারী ও খরচাদি পরিশোধিত বা মিটানো হয়ে থাকে। সুতরাং, বীমার ক্ষেত্রে সঞ্চিতির প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম।
নিম্নে সঞ্চিতির প্রয়োজনীয়তা সংক্ষেপে বর্ণিত হলো :
১। সঞ্চিতি বীমা প্রতিষ্ঠানের তহবিল গঠন করে (Reserve builds up funds for insurance organisation) : প্রিমিয়াম বাবদ বীমাপ্রতিষ্ঠানের জন্যে অর্থ-সংগৃহীত হয় যা ক্রমাগতভাবে প্রতিষ্ঠানের জন্যে তহবিল গঠন করে তোলে এবং সে তহবিল প্রতিষ্ঠানের প্রয়োজনে এবং বীমাগ্রহীতাসহ সংশ্লিষ্ট সকলের প্রয়োজনে ব্যবহৃত হয়।
২। সঞ্চিতি বীমাদাবী মিটাতে ব্যবহৃত হয় (Reserve is used to meet up the claims) : সঞ্চিতি থেকেই বীমাগ্রহীতাদের বীমাদাবী মিটানো হয়ে থাকে যা বীমা প্রতিষ্ঠানের মূল কাজ। বীমাগ্রহীতাদের কাছ থেকে প্রিমিয়াম নেয়া হয় ভবিষ্যতে প্রয়োজনে বা ঘটনা-দুর্ঘটনা সংঘটনে বীমাগ্রহীতা বা বীমাকৃতের উপর সৃষ্ট ক্ষতি পূরণ করে দেয়ার প্রতিশ্রুতিতে। সুতারং, দাবী মিটানোর জন্যে সঞ্চিতি একান্ত অপরিহার্য।
৩। ইহা বীমা কারবার পরিচালনার জন্যে ব্যবহৃত হয় (It is used for carrying on the insurance business) : সঞ্চিতি থেকে সৃষ্ট তহবিল দিয়েই বীমা প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহ করা হয়ে থাকে বিধায় তা বীমাকারী তথা বীমা প্রতিষ্ঠানের জন্যে অপরিসীম গুরুত্ববহ ও প্রয়োজনীয়।
৪। সঞ্চিতি বিনিয়োগকৃত হয় (Reserve is Invested) : সঞ্চিতির অর্থ বীমাকারী লাভজনক খাতে ও অর্থকরী প্রতিষ্ঠানে বিনিয়োগ করে পর্যাপ্ত অর্থের মালিক হন যা ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্টদের উন্নতি ও সমৃদ্ধি ত্বরান্বিত এবং নিশ্চিত করে।
৫। সঞ্চিতি বীমাগ্রহীতাদের উন্নতি ও কল্যাণ বিধানে ব্যবহৃত (Reserve is used for the betterment and benefits of the policy-holders) : সংগ্রহীত অর্থ থেকে সংগঠিত বীমা সেলামী হিসেবে তহবিল বা সঞ্চিতি হয়। উক্ত তহবিল নিরাপদভাবে ও লাভজনক পন্থায় বিনিয়োগকৃত হয়ে আরও বৃদ্ধি প্রাপ্ত হয়। বীমাগ্রহীতাই বীমাকারীর কাছে প্রকৃতপক্ষে বিনিয়োগ করে থাকে। এভাবে বৃদ্ধিপ্রাপ্ত অর্থ বীমাগ্রহীতাই আবার পেয়ে তার উন্নতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করে থাকেন।
৬। সঞ্চিতি নিরাপত্তাবোধ জাগিয়ে তোলে (Reserve raises the sense of security) : সঞ্চিতি একটি তহবিল হিসেবে সৃষ্ট হয়ে ও বিদ্যমান থেকে সংশ্লিষ্ট সকলের বিশেষতঃ বীমাকারী ও বীমাগ্রহীতাদের মনে নিরাপত্তাবোধ জাগিয়ে তোলে।
৭। সমাজ ও অর্থনীতিকে উন্নত ও সমৃদ্ধ করে তোলে (Reserve makes the society and economy developed and enriched): এভাবে সৃষ্ট সঞ্চিতি ব্যক্তিগত ও প্রতিষ্ঠান পর্যায়ের উন্নতি সমাজ ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে সঞ্চারিত করে সমগ্র সমাজ ও অর্থনীতির সামগ্রিক উন্নতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করে থাকে।
সুতারং, উপরোক্ত বর্ণনা থেকে স্পষ্ট যে ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ ও অর্থনীতিতে সঞ্চিতির প্রয়োজনীয়তা অপরিসীম ও অনস্বীকার্য।

