কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের বার্ষিক অ্যান্টি মানি লন্ডারিং (এএমএল) ও কাউন্টারিং দ্য ফাইন্যান্সিং অব টেররিজম (সিএফটি) সম্মেলন ২০২৫ আয়োজন করেছে। ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগ থেকে কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণে দিনব্যাপী এই সম্মেলনটি শনিবার (১ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ভারপ্রাপ্ত প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমউইয়া সাদ্দাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে বিএফআইইউ-এর উপপরিচালক হাফিজুর রহমান, যুগ্মপরিচালক ইবনে আহসান কবির এবং যুগ্মপরিচালক এ.এন.এম. কালিম উদ্দিন হাসান তুষার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করেন। আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল ঊর্ধ্বতন ব্যবস্থাপনার কমপ্লায়েন্স দায়িত্ব, শাখা এএমএল কমপ্লায়েন্স অফিসারদের (বিএএমএলসিও) ভূমিকা, বাণিজ্য ও ঋণভিত্তিক মানি লন্ডারিং কৌশল, উদীয়মান আর্থিক অপরাধ এবং হুন্ডি, অনলাইন গেমিং, বেটিং ও ক্রিপ্টোকারেন্সির মতো উচ্চ-ঝুঁকিপূর্ণ খাত।
বক্তারা ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের জন্য প্রয়োজনীয় কমপ্লায়েন্স নির্দেশনা পর্যালোচনা করেন এবং প্রতিষ্ঠানব্যাপী এএমএল ও সিএফটি কাঠামো আরও শক্তিশালী করার জন্য কার্যকর পদক্ষেপের রূপরেখা তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন আর্থিক অনিয়ম প্রতিরোধ ও আর্থিক অপরাধ মোকাবিলায় ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।
কমিউনিটি ব্যাংকের প্রধান এএমএল কমপ্লায়েন্স কর্মকর্তা (সিএএমএলসিও) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শামসুল হক সুফিয়ানী এবং উপ-সিএএমএলসিও ও অপারেশন্স প্রধান সরফুদ্দিন মো. রেদোয়ান পাঠওয়ারী ব্যাংকিং খাতে শক্তিশালী এএমএল ও সিএফটি কার্যক্রমের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে কোম্পানি সচিব সাইফুল আলম, এফসিএস; অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান মোহাম্মদ খায়রুল আলম, এফসিএ; ব্যাংকের সব বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং দেশের সব শাখার বিএএমএলসিও উপস্থিত ছিলেন।
