দেশের বেসরকারি জীবনবিমা প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইনস্যুরেন্স ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি তাদের এই আগ্রহ বিনিয়োগকারীদের মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে জানিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে আজ বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়। প্রগতি লাইফ জানায়, এককভাবে নয়, একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ডিজিটাল ব্যাংক গড়ে তুলতে তারা আগ্রহী। বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য আবেদন আহ্বান করা হয়েছে, যেখানে প্রগতি লাইফ অংশগ্রহণ করবে এবং অনুমোদন পেলেই মূলধনের ৫ শতাংশ বিনিয়োগ করবে।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধন ৩০০ কোটি টাকা, যার ৫ শতাংশ অর্থাৎ ১৫ কোটি টাকা প্রগতি লাইফ বিনিয়োগ করবে।
নীতিমালা অনুসারে ডিজিটাল ব্যাংকের স্থায়ী শাখা, এটিএম, সিডিএম বা সিআরএম থাকবে না। শুধুমাত্র মোবাইল ও অ্যাপ ভিত্তিক সেবা দিয়ে ২৪ ঘণ্টা গ্রাহক সেবা নিশ্চিত করা হবে। ভার্চুয়াল কার্ড, কিউআর কোডসহ আধুনিক প্রযুক্তিভিত্তিক পণ্য দিয়ে লেনদেনের সুবিধা দেওয়া হবে, তবে প্লাস্টিক কার্ড দেওয়া হবে না। গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম ও এজেন্ট সেবা ব্যবহার করতে পারবেন।
ডিজিটাল ব্যাংক বড় ও মাঝারি শিল্পে ঋণ দেবে না; শুধু ছোটঋণ প্রদান সীমাবদ্ধ থাকবে এবং কোনো এলসি (ঋণপত্র) খোলা যাবে না।
