নন-লাইফ বীমা খাতে শূন্য শতাংশ কমিশন কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে মনিটরিং কমিটি গঠন করেছে মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সম্প্রতি ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিতসহ নন-লাইফ বীমায় শূন্য কমিশন ঘোষণা করে যে সার্কুলার জারি করেছে, তার যথাযথ বাস্তবায়ন ও অনুসরণ পর্যবেক্ষণই এই কমিটির মূল দায়িত্ব হবে।
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর দিলকুশা এলাকার সংগঠনটির কার্যালয়ে নন-লাইফ বীমা খাতের মুখ্য নির্বাহীদের নিয়ে আয়োজিত এক বিশেষ জরুরি সভায় পাঁচ সদস্যবিশিষ্ট এই মনিটরিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিআইএফের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করেন বিআইএফের প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী। সভায় নন-লাইফ ও লাইফ—উভয় খাতের অভিজ্ঞ শীর্ষ নির্বাহীরা উপস্থিত থেকে আইডিআরএ’র সাম্প্রতিক নির্দেশনা, কমিশন কাঠামোর পরিবর্তন এবং এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন বিআইএফের ভাইস প্রেসিডেন্ট ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, সেক্রেটারি জেনারেল ও সেনা ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. শফিক শামীম পিএসসি (অব.), জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকীসহ আরও অনেকে। পাশাপাশি বিভিন্ন নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তারাও সভায় অংশ নেন।
আলোচনার একপর্যায়ে আইডিআরএ’র সার্কুলার বাস্তবায়ন তদারকিতে একটি শক্তিশালী ও প্রতিনিধিত্বশীল মনিটরিং কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়। এ কমিটি বিআইএফের সকল সদস্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে শূন্য কমিশন নীতির বাস্তব প্রয়োগ পর্যবেক্ষণ করবে এবং কোনো ধরনের ব্যত্যয় বা অনিয়ম চিহ্নিত হলে তা সংগঠনের নেতৃত্বকে অবহিত করবে।
নন-লাইফ বীমা খাতে দীর্ঘদিন ধরে কমিশন কাঠামো নিয়ে নানা বিতর্ক ও অসঙ্গতির অভিযোগ ছিল। সংশ্লিষ্ট মহলের মতে, শূন্য কমিশন নীতি কার্যকর হলে অনিয়ম কমবে, প্রতিযোগিতা হবে আরও ন্যায্য এবং গ্রাহকের স্বার্থ সুরক্ষিত হবে। তবে একই সঙ্গে বাজারের বাস্তবতা বিবেচনায় এই পরিবর্তন কতটা টেকসই হয়, তা নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে—যা নিশ্চিত করতেই এই মনিটরিং কমিটির গঠন।
মনিটরিং কমিটির সদস্যদের সংক্ষিপ্ত তালিকা
| পদবি | নাম | প্রতিষ্ঠান |
|---|---|---|
| আহ্বায়ক | ব্রিগেডিয়ার জেনারেল মো. শফিক শামীম পিএসসি (অব.) | সেনা ইন্স্যুরেন্স পিএলসি |
| সদস্য | ড. এ কে এম সারোয়ার জাহান জামীল | রিপাবলিক ইন্স্যুরেন্স |
| সদস্য | মো. ইমাম শাহীন | এশিয়া ইন্স্যুরেন্স |
| সদস্য | সৈয়দ সিহাব উল্যাহ আল মনজুর | প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি |
| সদস্য | শামীম হোসেন | সিটি ইন্স্যুরেন্স পিএলসি |
বিআইএফ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই মনিটরিং কমিটির কার্যক্রমের মাধ্যমে নন-লাইফ বীমা খাতে আইডিআরএ’র শূন্য কমিশন নীতি সুশৃঙ্খলভাবে বাস্তবায়িত হবে এবং খাতটির ওপর জনআস্থা আরও দৃঢ় হবে।
