যৌথ বীমা

যৌথ বীমা – পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের “বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ” অধ্যায়ের একটি পাঠ। যৌথ বীমা একাধিক বা বহুজীবন বীমাপত্র (Multiple Life Polices) তথা জীবন বীমার এক অন্যতম প্রকার বিশেষ। [ জীবন বীমা একক জীবনের উপর যেমন করা যায়, তেমনি একাধিক জীবনের উপরও করা যায়। একক জীবনের উপর যেমন বিভিন্ন ধরনের বীমা চুক্তি হতে পারে, তেমনি একাধিক জীবনের উপরও কয়েক ধরনের বীমা হতে পারে। একাধিক জীবনের উপর যেসব বীমা করা যায়, তার মধ্যে যৌথ জীবন বীমা পত্ৰ (Joint Life Policy) ও শেষ উত্তরজীবী বীমাপত্র (Last Survivorship Policy) অন্যতম।

উত্তরজীবী বীমাপত্রে যাদের জীবনের উপর বীমা করা হয়, তাদের মধ্যে সর্বশেষ ব্যক্তির মৃত্যু হলেই বীমাপত্রের টাকা পাওয়া যায়। এই শ্রেণীর মেয়াদী বীমায় মেয়াদের শেষ পর্যন্ত সকল বীমাগ্রহীতা বেঁচে থাকলে অথবা মেয়াদের মধ্যে শেষ উত্তরজীবীর মৃত্যু হলে বীমাপত্রের টাকা পরিশোধ করা হয়। এই ধরনের বীমাপত্রে প্রিমিয়ামের হার সাধারণতঃ যৌথ বীমার তুলনায় কম থাকে।] যৌথ জীবন বীমা আবার প্রধানতঃ তিন প্রকারের হতে পারে। যেমন:

(ক) যৌথ আজীবন বীমা,

(খ) যৌথ মেয়াদী বীমা ও

(গ) যৌথ সাময়িক বীমা ।

যৌথ বীমা

 

যৌথ বীমা | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

ক. যৌথ আজীবন বীমাপত্র (Joint Whole Life Policy) :

এ ধরনের যৌথ বীমায় দুই বা ততোধিক ব্যক্তির জীবনের উপর একসাথে বীমা করা হয়। এ বীমাপত্রে বীমাগ্রহীতাদের মধ্যে যে কোন একজন বীমাগ্রহীতার মৃত্যু পর্যন্ত বীমার প্রিমিয়াম দিয়ে যেতে হয় এবং যে কোন এক জনের বা প্রথম ব্যক্তির মৃত্যুর সাথে সাথে বীমাকৃত টাকা পরিশোধ করা হয়।

 

খ. যৌথ মেয়াদী বীমাপত্র (Joint Life Endowment Policy) :

এ জাতীয় বীমাপত্রে মেয়াদের পরে অথবা মেয়াদের মধ্যে যে কোন একজন বীমাগ্রহীতার মৃত্যুতে বীমাকৃত টাকা পরিশোধ করা হয়। যদিও মনে হতে পারে যে, এ ধরনের বীমাপত্রে একসাথে অনেক লোকের জীবনের উপর বীমা করা হয়, কিন্তু. প্রকৃতপক্ষে সাধারণভাবে তিন/চার জনের বেশী লোকের জীবনের উপর একসাথে এজাতীয় বীমাপত্র দেয়া হয় না। কেননা, বীমাকৃত ব্যক্তির সংখ্যা বেশী হলে প্রিমিয়ামের হারও বেশী হয়ে যায় এবং সেক্ষেত্রে বীমাকৃত ব্যক্তির মৃত্যুর সম্ভাবনা ও বেড়ে যায়।

 

যৌথ বীমা | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

গ. যৌথ সাময়িক বীমা (Joint Life Term Assurance) :

এ ধরনের বীমা একাধিক ব্যক্তির জীবনের উপর একই সাথে নির্দিষ্ট মেয়াদের জন্যে করা হয়। বীমাকৃত মেয়াদের মধ্যে বীমাগ্রহীতাদের যে কোন একজনের মৃত্যুতে বীমাকৃত টাকা পরিশোধ করা হয়। মেয়াদের শেষ পর্যন্ত সকল বীমাগ্রহীতা বেঁচে থাকলে বীমাপত্র বাতিল হয়ে যায়। অর্থাৎ বীমাদাবী প্রাপ্য হয় না।

যৌথ বীমা স্বামী-স্ত্রী, অংশীদারগণ তথা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও পারিবারিক সম্পর্কযুক্ত একাধিক ব্যক্তি একই সাথে গ্রহণ করতে পারেন। সংগত কারনেই এ জাতীয় বীমা শুধু জীবনের জন্যেই গ্রহণ করা যায়। মোদ্দা কথা হলো এই যে, একাধিক ব্যক্তি একই সাথে ও যৌথভাবে যখন তাদের জীবনের উপর কোন বীমা গ্রহণ করে, তখন তাকে যৌথ (জীবন) বীমাপত্র বা Joint Life Assurance (Policy) বলা হয়।

Leave a Comment